Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

বট বাহিনী কী যে শুরু করেছে আমাকে নিয়ে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ‘বট বাহিনী’র কার্যকলাপে বিরক্তি প্রকাশ করেছেন। তিনি বলেন, ফেসবুকে তাকে নিয়ে ভুয়া ফটোকার্ড তৈরি ও নানা ধরনের ট্রল করা হচ্ছে, যা সম্পূর্ণ অপপ্রচার। তার ভাষায়, তাকে ঘিরে এমন ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে যে, তিনি নাকি পরীক্ষার দিনেই রুটিন প্রকাশ করবেন—যা বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই।

শুক্রবার (১৭ এপ্রিল) দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও অভিযোগ করেন, তার বক্তব্য বিকৃত করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। উদাহরণ হিসেবে বলেন, তিনি বলেছিলেন—‘জিরো পাস করলেও এমপিও বাতিল হবে না’, অথচ সেটিকে বিকৃত করে প্রচার করা হয়েছে—‘ফেল করলে এমপিও বাতিল’। তার মতে, এখন এমন অবস্থা তৈরি হয়েছে যেন ফেসবুকই দেশ চালাচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে পরিচালিত হচ্ছে, তা পর্যবেক্ষণে তিনি মন্ত্রণালয়ে একটি বিশেষ সেল গঠনের উদ্যোগ নিচ্ছেন। ইউজিসির পাশাপাশি নিজস্ব মূল্যায়ন ব্যবস্থাও চালু করতে চান তিনি।

তিনি আরও বলেন, দেশে শিক্ষার্থীর অভাব নেই, বরং জনসংখ্যা একটি বড় শক্তি। তবে বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে না পারলে ভবিষ্যৎ অন্ধকার হতে পারে। তাই শুধু অবকাঠামো উন্নয়ন নয়, শিক্ষার গুণগত মান উন্নয়নে জোর দেওয়ার আহ্বান জানান তিনি।

বাজেট প্রসঙ্গে তিনি অসন্তোষ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়গুলো এখনো পুরনো ধ্যানধারণায় আটকে আছে—শুধু ভবন নির্মাণেই গুরুত্ব দিচ্ছে, কিন্তু শিক্ষার মানোন্নয়নে পর্যাপ্ত গুরুত্ব দিচ্ছে না, যা অত্যন্ত উদ্বেগজনক।

সংশ্লিষ্ট খবর

Back to top button