‘সাময়িক যুদ্ধবিরতি নয়, যুদ্ধের চিরস্থায়ী অবসান চায় ইরান’

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ জানিয়েছেন, তেহরান কোনো ধরনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করবে না। আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামের এক পার্শ্ব বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান পুরো অঞ্চলে চলমান সংঘাতের একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ সমাধান চায়।
তিনি জোর দিয়ে বলেন, যেকোনো যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত সব সংঘাতপূর্ণ অঞ্চলকে অন্তর্ভুক্ত করতে হবে। এটিকে ইরানের জন্য ‘রেড লাইন’ বা অনড় শর্ত হিসেবে উল্লেখ করেন তিনি।
খাতিবজাদেহ আরও বলেন, ইরান কোনো খণ্ডিত বা সাময়িক সমাধানে বিশ্বাস করে না। তাদের মতে, বর্তমান সংঘাতের চক্র এখনই স্থায়ীভাবে বন্ধ হওয়া প্রয়োজন।
হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ঐতিহাসিকভাবে এই গুরুত্বপূর্ণ জলপথটি আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত ছিল। যদিও এটি ইরানের জলসীমার মধ্যে পড়ে, তবুও দীর্ঘদিন ধরে বৈশ্বিক বাণিজ্যের স্বার্থে এটি খোলা রাখা হয়েছে।
বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করে তিনি অভিযোগ করেন, তাদের কর্মকাণ্ডই অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছে এবং এর নেতিবাচক প্রভাব বিশ্ব বাণিজ্য ও অর্থনীতিতে পড়ছে।



