হরমুজ নিয়ে ৪০ দেশের ভার্চ্যুয়াল বৈঠক ডাকল যুক্তরাজ্য-ফ্রান্স

বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালুর উদ্যোগ নিয়ে যুক্তরাজ্য ও ফ্রান্স প্রায় ৪০টি দেশের নেতাদের নিয়ে একটি ভার্চ্যুয়াল বৈঠকের আয়োজন করেছে। শুক্রবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত এ বৈঠকে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে তেহরান নিজেদের ছাড়া অন্যান্য দেশের জাহাজের জন্য কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে।
অন্যদিকে, গত সোমবার ইরানের বন্দরে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া জাহাজের ওপর অবরোধ আরোপ করেছে ওয়াশিংটন।
যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে অংশ নেওয়া বিশ্বনেতারা ইরানের যুদ্ধবিরতি সমর্থনের পাশাপাশি হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার বিষয়েও আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া প্রণালিটি পুনরায় চালু করতে একটি আন্তর্জাতিক মিশন গঠনের উদ্যোগ নেওয়া হতে পারে বলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।



