Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়া

অং সান সু চির সাজার মেয়াদ কমালো মিয়ানমার

মিয়ানমারে কারাবন্দী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির কারাদণ্ডের মেয়াদ কিছুটা কমিয়েছে দেশটির সরকার। শুক্রবার (১৭ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তার আইনজীবী।

বর্তমানে ৮০ বছর বয়সী সু চি উসকানি, দুর্নীতি, নির্বাচনী জালিয়াতি এবং রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে মোট ২৭ বছরের সাজা ভোগ করছেন। তবে তার সমর্থকদের দাবি, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

সু চির আইনজীবীর ভাষ্য অনুযায়ী, তার সাজার মেয়াদ ছয় ভাগের এক ভাগ হ্রাস করা হয়েছে। তবে তিনি অবশিষ্ট সাজা গৃহবন্দী অবস্থায় কাটাতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ৪ হাজার ৩৩৫ জন বন্দীর জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। গত ছয় মাসে এটি তৃতীয়বারের মতো এমন উদ্যোগ নেওয়া হলো।

মিয়ানমারে সাধারণত স্বাধীনতা দিবস ও নববর্ষ উপলক্ষে প্রতিবছর বন্দীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিন অং হ্লাইং অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেন। এরপর থেকেই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button