রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

বাংলাদেশকে রাশিয়া থেকে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য বা তেল আমদানির জন্য ৬০ দিনের অস্থায়ী অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র।
জ্বালানি সংকট মোকাবিলায় রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে পূর্বে যুক্তরাষ্ট্রের অনুমোদন চেয়ে বাংলাদেশ একটি চিঠি দিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এই সাময়িক ছাড় দিয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
জানা যায়, গত ১১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই ছাড় ৯ জুন পর্যন্ত বহাল থাকবে। এর আগে ১২ মার্চ যুক্তরাষ্ট্র রাশিয়ার জ্বালানি কেনার ক্ষেত্রে ৩০ দিনের অনুমতি দিয়েছিল।
জ্বালানি সরবরাহ নিশ্চিত রাখতে ভারতসহ বিভিন্ন দেশের মতো বাংলাদেশও রাশিয়া থেকে তেল আমদানির জন্য অস্থায়ী ছাড় চেয়েছিল। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছিল।
সূত্র জানায়, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে রাশিয়ার কিছু নির্দিষ্ট তেল কোম্পানির নামও দিয়েছে, যাদের মাধ্যমে লেনদেন ও আমদানি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)–এর কর্মকর্তারা জানান, বাংলাদেশ মূলত এমন ধরনের রাশিয়ান তেল আমদানি করতে চায় যা ইস্টার্ন রিফাইনারিতে প্রক্রিয়াজাত করা সম্ভব। অন্যথায় তা তৃতীয় দেশে পরিশোধন করতে হতে পারে।
বর্তমানে দেশের ইস্টার্ন রিফাইনারি সাধারণত সৌদি আরব ও কুয়েত থেকে আমদানি করা অপরিশোধিত তেল পরিশোধন করে। তাই রাশিয়া থেকে আনা তেলের ধরন ও মানও সেই সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।



