Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইন্ডিয়া

রিলস বানাতে গিয়ে লেডি বাইকারের মৃত্যু

ভারতের গাজিয়াবাদে রিল ভিডিও ধারণ করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু। রোববার ভোরে ওয়েভ সিটি এলাকার আইএমএস কলেজ ফ্লাইওভারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত ইকরা দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। তার পেছনে বসে থাকা ২০ বছর বয়সী হাশিম মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি সড়কের ডিভাইডারে ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা পুলিশকে খবর দিলে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা ইকরাকে মৃত ঘোষণা করেন। হাশিম আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের তথ্যমতে, দুর্ঘটনার সময় দুজনের কারো মাথায় হেলমেট ছিল না। একটি ভিডিওও পাওয়া গেছে, যেখানে দেখা যায় প্রায় ৭০ কিলোমিটার গতিতে বাইক চালানোর সময় রিল ভিডিও ধারণ করা হচ্ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, ইকরা গাজিয়াবাদের পাসাউন্ডা এলাকার বাসিন্দা। শনিবার সকাল ১১টার দিকে তিনি পরিবারকে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন, কিন্তু রাতে আর ফেরেননি। একই এলাকার বাসিন্দা হাশিমও ওই দিন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন।

পরে রোববার ভোরে দুর্ঘটনার খবর পায় পুলিশ। ওয়েভ সিটির সহকারী পুলিশ কমিশনার প্রিয়শ্রী পাল জানান, ভোর ৪টার দিকে ডিভাইডারে ধাক্কা লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখানে এক তরুণী ও এক তরুণকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তিনি আরও জানান, ইকরার মাথা ও মুখে গুরুতর আঘাত ছিল। হাশিমের পা, কোমর ও কাঁধে আঘাত লেগেছে। দুজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় ইকরার মৃত্যু হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, অতিরিক্ত গতির কারণে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। হাশিম পেশায় একজন ওয়েল্ডার বলে জানা গেছে।

এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button