
জামালপুর পৌর এলাকার বেলটিয়া খুপিবাড়ী পলিসা গ্রামে একটি কিশোর-কিশোরীর প্রেম ও পরবর্তীতে তাদের পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে তীব্র বিরোধ তৈরি হয়। ওই বিরোধের জেরেই প্রায় ৫০ বছরের পুরোনো একটি চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল তুলে দেন ছেলের বাবা কবির হোসেন।
তার দাবি, রাস্তাটি তার ব্যক্তিগত জমির ওপর ছিল এবং জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। অন্যদিকে স্থানীয়দের বক্তব্য, এই রাস্তা দিয়ে অন্তত ২৫টি পরিবারের প্রায় ২৫০ জন মানুষ যাতায়াত করত, এমনকি একটি মসজিদেও যাওয়ার একমাত্র পথ ছিল এটি।
দেয়াল নির্মাণের পর থেকে এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছে। শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না, অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে, এমনকি মসজিদে যাতায়াতও বন্ধ হয়ে গেছে। স্থানীয়ভাবে একাধিক সালিশ হলেও সমস্যার সমাধান হয়নি।
ভুক্তভোগীরা প্রশাসনের কাছে অভিযোগ করলেও এখনও চূড়ান্ত সমাধান আসেনি। উপজেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত প্রক্রিয়ায় সমাধানের চেষ্টা চলছে।



