Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ইন্ডিয়াআন্তর্জাতিক

প্রেমের ফাঁদে ফেলে ১৮০ কিশোরীর অশ্লীল ভিডিও ধারণ, তরুণ গ্রেপ্তার

মহারাষ্ট্রের অমরাবতীতে ভয়াবহ এক ঘটনায় অন্তত ১৮০ জন কিশোরীকে যৌন নিপীড়ন এবং ৩৫০টিরও বেশি অশ্লীল ভিডিও রেকর্ড করার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় এক সংসদ সদস্যের অভিযোগের পর দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

অভিযুক্ত ব্যক্তি, পরতওয়াদা শহরের বাসিন্দা মোহাম্মদ আয়াজ ওরফে তানভীর, মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে মুম্বাই ও পুনেতে নিয়ে গিয়ে সেখানে তাদের অশ্লীল ভিডিও ধারণ করত বলে অভিযোগ উঠেছে। পরে সেই ভিডিও ব্যবহার করে ভুক্তভোগীদের ব্ল্যাকমেল করা হতো এবং জোর করে দেহব্যবসায় বাধ্য করা হতো। এমনকি কিছু ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে।

ঘটনাটি সামনে আসার পর ভারতীয় রাজ্যসভার সদস্য অনিল বোন্ডে পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি জমা দেন। সেখানে তিনি অভিযোগ করেন, হোয়াটসঅ্যাপ ও স্ন্যাপচ্যাটের মতো প্ল্যাটফর্মে গ্রুপ তৈরি করে পরিকল্পিতভাবে নাবালিকাদের টার্গেট করা হতো। তিনি এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠনের দাবি জানান এবং দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন।

প্রতিবেদনে আরও বলা হয়, এই ঘটনার পর স্থানীয় মুসলিম সম্প্রদায়ের কিছু সদস্য থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এবং স্পষ্ট করেছেন যে একজন ব্যক্তির অপরাধের দায় যেন পুরো সম্প্রদায়ের ওপর না পড়ে।

পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে তোলে। আদালত তাকে সাত দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে। তার মোবাইল ফোনও জব্দ করা হয়েছে, যেখানে অনেক আপত্তিকর ভিডিও পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

এখন তদন্ত চলছে—এই ভিডিওগুলো সে অন্য কোনো ব্যক্তি বা অপরাধী চক্রের সঙ্গে শেয়ার করেছে কি না এবং ইন্টারনেটে ছড়িয়ে পড়া কনটেন্টের উৎস কী, তা খতিয়ে দেখছে সাইবার সেল।

সংশ্লিষ্ট খবর

Back to top button