
সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে রামগঞ্জের উন্নয়ন নিয়ে সরব হয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। তিনি অভিযোগ করেছেন, দায়িত্বে থাকা অবস্থায় মাহফুজ আলম রামগঞ্জের উন্নয়নে ব্যর্থ হয়েছেন এবং এখন অজুহাত দিয়ে তা ঢাকার চেষ্টা করছেন।
বুধবার নিজের ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন তিনি। এর আগে সংসদে হাসনাত আবদুল্লাহ (কুমিল্লা-৪, দেবিদ্বার) সড়কের বেহাল অবস্থা ও দুর্ঘটনায় প্রাণহানি নিয়ে আবেগঘন বক্তব্য দেন এবং দ্রুত রাস্তা সম্প্রসারণের দাবি জানান।
এই ঘটনার পর এক ফেসবুক পোস্টে মাহফুজ আলম দাবি করেন, উপদেষ্টা থাকাকালে তিনি রামগঞ্জ-লক্ষ্মীপুরের উন্নয়নের জন্য একাধিক উপদেষ্টার কাছে সহযোগিতা চেয়েও পাননি। এমনকি একটি রাজনৈতিক দলের চাপে তাকে সহায়তা দেওয়া হয়নি বলেও ইঙ্গিত দেন তিনি।
তবে এই বক্তব্যের জবাবে শাহাদাত হোসেন সেলিম বলেন, উপদেষ্টা থাকাকালে মাহফুজ আলমের হাতে যথেষ্ট ক্ষমতা থাকা সত্ত্বেও রামগঞ্জের দৃশ্যমান উন্নয়নে তার কোনো ভূমিকা চোখে পড়েনি। তার মতে, উন্নয়নে ব্যর্থতার বিষয়টি এখন আর আড়াল করার সুযোগ নেই।
তিনি আরও দাবি করেন, কথার ফুলঝুরি বা অজুহাত দিয়ে বাস্তবতা বদলানো যায় না এবং রামগঞ্জের প্রতি মাহফুজ আলমের বাস্তব কোনো আগ্রহ কখনোই ছিল না।



