ইরানের হামলায় বিধ্বস্ত দুবাইয়ের পর্যটক খাত

দুবাইয়ের বিশ্বখ্যাত বিলাসবহুল হোটেল বুর্জ আল আরব-কে বড় ধরনের সংস্কারের জন্য আগামী ১৮ মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পেছনে সাম্প্রতিক আঞ্চলিক অস্থিরতা এবং পর্যটক কমে যাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানা গেছে।
হোটেলটির মালিকানাধীন প্রতিষ্ঠান জুমেইরাহ গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, বহুদিন ধরে পরিকল্পিত এই সংস্কার কাজ ধাপে ধাপে সম্পন্ন করা হবে। পুরো প্রকল্পটির নকশা ও অভ্যন্তরীণ রূপায়ণের দায়িত্বে রয়েছেন প্যারিসভিত্তিক স্থপতি ত্রিস্তান আউয়ার।
সংস্কার চলাকালীন সময় পুরো হোটেল বন্ধ থাকবে এবং যেসব অতিথি আগে থেকেই বুকিং দিয়েছেন, তাদের কাছাকাছি অন্যান্য হোটেলে স্থানান্তরের ব্যবস্থা করা হবে।
পালতোলা আকৃতির এই প্রতীকী স্থাপনাটি গত মার্চে আঞ্চলিক সংঘাতের সময় ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে ড্রোন হামলা প্রতিহত করার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ধ্বংসাবশেষ পড়ে হোটেলটিতে আঘাত লাগে বলে জানা যায়। যদিও কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করেনি, সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাত পরিস্থিতি দুবাইয়ের পর্যটন খাতে বড় ধাক্কা দিয়েছে।
এই অস্থিরতার প্রভাব শুধু পর্যটনেই নয়, অর্থনীতির অন্যান্য খাতেও পড়েছে। দুবাই ও আবুধাবির শেয়ারবাজারে বড় অঙ্কের মূলধন কমে গেছে, হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে এবং বিদেশি পর্যটক ও প্রবাসীদের একটি অংশ অঞ্চল ছেড়ে চলে যাচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, তেলনির্ভর অর্থনীতির দেশগুলো কিছুটা লাভবান হলেও দুবাইয়ের মতো পর্যটন ও সেবা খাতনির্ভর অর্থনীতি বেশি ঝুঁকির মধ্যে পড়েছে। পাশাপাশি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় বিনিয়োগ ও ব্যবসায়িক আস্থাও চাপে রয়েছে।
এই প্রেক্ষাপটে, ১৮ মাসের সংস্কার সময়কে কর্তৃপক্ষ একদিকে হোটেলটির আধুনিকায়নের সুযোগ হিসেবে দেখছে, অন্যদিকে আশা করছে এই সময়ের মধ্যে আঞ্চলিক পরিস্থিতিও কিছুটা স্বাভাবিক হয়ে আসবে।



