Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অপরাধঅন্যান্যবাংলাদেশ

স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল

বাংলা টিভি ডেস্ক: নোয়াখালীর বহুল আলোচিত স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলার রায় ঘোষণার নির্ধারিত তারিখ পরিবর্তন করে আগামী ২৯ এপ্রিল ধার্য করেছেন আদালত।

বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এই নতুন তারিখ নির্ধারণ করেন।

নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সেলিম শাহী জানান, বুধবার এই মামলার রায় ঘোষণার পূর্বনির্ধারিত তারিখ থাকলেও বিচারক এজলাসে বসে রায়ের তারিখ পুনর্নির্ধারণ করে ২৯ এপ্রিল ধার্য করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর বিকেলে নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার নিজ বাসা ‘জাহান মঞ্জিল’ থেকে অদিতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডে অদিতার গলা, হাত ও পায়ের রগ কাটা ছিল। ঘটনার দিন রাতেই অদিতার সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে রনি স্বীকার করেন যে, অদিতা তার কাছে পড়া বন্ধ করে দেওয়ায় তিনি ক্ষুব্ধ ছিলেন। ঘটনার দিন দুপুরে বাসায় একা পেয়ে অদিতাকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে হত্যা করেন।

পরে রনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং তার দেওয়া তথ্যানুযায়ী হত্যায় ব্যবহৃত ছোরাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। এই মামলায় বাদীপক্ষের ৪১ জন এবং আসামিপক্ষের ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।

অদিতার মা রাজিয়া সুলতানা বলেন, আমি আমার মেয়ে হত্যার ন্যায়বিচার চাই। খুনির এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভবিষ্যতে আর কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের পর রনির ফাঁসির দাবিতে নোয়াখালীসহ দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button