Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

সৌদিসহ ৫ দেশের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যৌথ হামলায় সহযোগিতার অভিযোগ তুলে পাঁচটি আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। অভিযুক্ত দেশগুলো হলো— সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান।

ইরানের জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি সোমবার (১৩ এপ্রিল) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট জামাল ফারেস আলরোয়াইর কাছে পাঠানো এক চিঠিতে এ অভিযোগ তোলেন।

চিঠিতে বলা হয়, উল্লিখিত দেশগুলো তাদের আন্তর্জাতিক দায়িত্ব লঙ্ঘন করেছে এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করেছে। ফলে যুদ্ধ চলাকালে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য এসব দেশকে দায়ী করে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এতে হাজারো মানুষ হতাহত হয় বলে দাবি করেছে তেহরান। এর জবাবে ইরান পাল্টা হামলা চালায় ইসরায়েলের পাশাপাশি ইরাক, জর্ডান এবং উপসাগরীয় কয়েকটি দেশে- যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। পরবর্তীতে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, যা এখনও কার্যকর রয়েছে।

সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার বৈঠক করলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

বিশ্লেষকদের মতে, এই ক্ষতিপূরণ দাবি মধ্যপ্রাচ্যের কূটনৈতিক উত্তেজনাকে আরও বাড়াতে পারে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক নতুন করে সংকটে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একইসঙ্গে, আন্তর্জাতিক অঙ্গনে এ বিষয়টি নতুন বিতর্কের জন্ম দিতে পারে। সূত্র: আনাদোলু এজেন্সি।

সংশ্লিষ্ট খবর

Back to top button