
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদক না খাওয়াকে কেন্দ্র করে রাকিব (৩০) নামের এক যুবকের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার বায়েক ইউনিয়নের পূর্ব খাদলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সোমবার থানায় লিখিত অভিযোগ দেয় পরিবার।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী খাদলা গ্রামের আরিফ মিয়া ও সারোয়ার মিয়ার নেতৃত্বে একটি মাদক চক্র এলাকায় সক্রিয় রয়েছে বলে অভিযোগ আছে। তারা দীর্ঘদিন ধরে তরুণদের মাদক সেবনে উৎসাহিত করে আসছে।
সম্প্রতি তারা রাকিব আহমেদকে ইয়াবা সেবনে প্রলুব্ধ করার চেষ্টা করলে তিনি রাজি হননি। এরপর রোববার রাতে ধান কেনার কথা বলে তাকে ডেকে নেওয়া হয়। টাকা নিয়ে বের হলে পথেই তাকে আক্রমণ করে মাদক ব্যবসায়ীরা।
হামলার সময় তার সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে হামলাকারীরা রাকিবের অন্ডকোষে কামড় দিয়ে তাকে গুরুতর আহত করে এবং তার টাকা-পয়সা ছিনিয়ে নেয় বলে অভিযোগে বলা হয়েছে।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



