Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

চুরির অভিযোগে কিশোরকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় চুরির অভিযোগ তুলে এক কিশোরকে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন আলফাডাঙ্গা থানা পুলিশ।

ভুক্তভোগী মো. হোসাইন (১৫) উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের চর চান্দড়া এলাকার বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, শনিবার সকালে স্থানীয় কয়েকজন যুবক তাকে ঘর থেকে বের করে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করে। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, গাছের সঙ্গে বেঁধে কিশোরটিকে বেধড়ক মারধর করা হচ্ছে। এমনকি অসুস্থ হয়ে পড়লেও তাকে ‘অভিনয় করছে’ বলে আবারও নির্যাতন চালানো হয়।

স্থানীয়দের দাবি, ঢাকার একটি ফার্নিচার কারখানায় কাজ করা হোসাইন ছুটিতে বাড়ি আসার পর ওই কারখানায় একটি ড্রিল মেশিন চুরির ঘটনায় তাকে সন্দেহ করা হয়। এরপর তাকে চোর অপবাদ দিয়ে এই নির্যাতন চালানো হয়।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ইয়াছিন শেখ (২২), শাকিল শেখ (১৯) ও বিল্লাল কাজী (৪৫)। পুলিশ জানায়, ভাইরাল ভিডিও পর্যালোচনা করে দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি স্থানীয়ভাবে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ধরনের আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা কঠোরভাবে দমন করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button