
একটি ব্যতিক্রমী ঘটনায় যশোরের ঝিকরগাছা উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে নিজেই চিকিৎসা নিতে হাজির হয়েছে একটি আহত হনুমান।
রোববার (১২ এপ্রিল) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় উপস্থিত সবাই কিছুটা বিস্মিত হন। প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, হনুমানটির শরীরের পেছনের অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল, যা দেখে ধারণা করা হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে এটিকে আঘাত করেছে।
হাসপাতালে এসে প্রথমে প্রাণীটি চিকিৎসা শেডের একটি টেবিলে বসে পড়ে। এরপর কৌতূহলবশত ফার্মেসি কক্ষে ঢুকে বিভিন্ন ওষুধের বোতল খুলে গন্ধ নেয়, এমনকি কিছু খাওয়ার চেষ্টাও করে। পরে চিকিৎসকরা এগিয়ে এলে আশ্চর্যজনকভাবে শান্ত হয়ে যায় এবং চিকিৎসায় কোনো বাধা দেয়নি।
এ সময় দায়িত্বে থাকা চিকিৎসকরা ক্ষতস্থানে ভায়োডিন দিয়ে পরিষ্কার করে প্রাথমিক চিকিৎসা দেন। জানা গেছে, চিকিৎসা নেওয়ার আগে হনুমানটি স্থানীয় থানাতেও গিয়েছিল—যা ঘটনাটিকে আরও ব্যতিক্রমী করে তুলেছে।
ঘটনাটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অনেকেই আহত প্রাণীটির প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং এর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।



