Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাআওয়ামী লীগগ্রাম বাংলারাজনীতি

আ.লীগ পরিচয়ে চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা তরুণের

বাংলা টিভি ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে আওয়ামী লীগের কর্মী পরিচয় দিয়ে স্থানীয় এক তরুণের ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আলোচিত ওই তরুণের নাম শাহাদাত হোসেন টিপু। তিনি উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের বাচ্চু মিয়া সরদারের ছেলে।

রোববার (১২ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ছবি সংযুক্ত করে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি। এতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদাত হোসেন টিপু পূর্বে ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিলেন। সে সময় তিনি তার সঙ্গে বিভিন্ন পদযাত্রায় অংশ নিতেন। এছাড়া মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর নির্বাচনকালেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।

এ বিষয়ে শাহাদাত হোসেন টিপু জানান, আমি যা বিশ্বাস করি, হৃদয়ে ধারণ করি, সেটিই প্রকাশ করেছি। ইচ্ছা করলে অতীতে আমি আওয়ামী লীগের বড় পদ-পদবী নিতে পারতাম। আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ নয়, তাই দলীয় পরিচয় দেওয়ায় কোনো আইনগত বাধা নেই।

টিপু আরও জানান, বর্তমান প্রধানমন্ত্রীও গণমাধ্যমে বলেছেন- আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে তিনি নন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আওয়ামী লীগের এক নেতা বলেন, একজন ব্যক্তি যদি আওয়ামী লীগের পরিচয়ে নির্বাচনী প্রচারণা চালান, তাহলে এটি প্রমাণ করে তৃণমূল পর্যায়ে দলটির জনপ্রিয়তা এখনো বিদ্যমান। এ কারণে তাকে হয়রানির মধ্যে ফেলা উচিত হবে না।

অন্যদিকে, স্থানীয় প্রেসক্লাব নেতা ও যুবদল নেতা আনোয়ার হোসেন বেলাল বলেন, তিনি ভোটারদের আকৃষ্ট করতেই আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করছেন। এটি তার ব্যক্তিগত বিষয়। তবে এতে কোনো রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে কি না, সে বিষয়ে দলীয় উচ্চপর্যায়ের নেতারা সিদ্ধান্ত নেবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button