Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাগ্রাম বাংলাজামায়াতরাজনীতি

‘জান দেবো, তবু জুলাই দেবো না’

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক অভিযাত্রাকে অস্বীকার করে সরকার এক দলীয় দুঃশাসনের দিকে ধাবিত হচ্ছে। দেশের সত্তর ভাগ মানুষ গণভোটের মাধ্যমে জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। অথচ ক্ষমতাসীন বিএনপি সরকার জনগণের ইচ্ছা আকাঙ্খার বিপরীতে অবস্থান নিয়েছে।

রোববার (১২ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলার কাঁচপুরে বিকেলে ১১ দলীয় ঐক্যজোটের আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

বিক্ষোভ সমাবেশ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক পার্টি এনসিপির নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক জুবায়ের সরদার, এবি পার্টির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আহ্বায়ক মো. শাহজাহান বেপারী, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা এমদাদুল্লাহ, এনসিপি নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব জুবায়ের আহমদ তামজিদ, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মুফতী আবদুল গণি, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না প্রমুখ।

সমাবেশে ১১ দলীয় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী দুঃশাসন সমাপ্তি হয়েছিল জুলাই বিপ্লবের মাধ্যমে। জুলাই বিপ্লব কোনো দল বা ব্যাক্তির এজেন্ডা ছিল না। এটা ছিল বাংলাদেশর আপামর জনতার মুক্তির আন্দোলন। যে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। প্রায় দুই হাজার শহীদ আর ত্রিশ হাজার মানুষের অঙ্গহানির বিনিময়ে আমরা জুলাই পেয়েছি। জুলাইয়ের চেতনা ছিল আর কোনো ফ্যাসিবাদী দুঃশাসন বাংলাদেশে কায়েম হবে না। সংবিধানের দোহাই দিয়ে কেউ ব্যাক্তিতন্ত্র, পরিবারতন্ত্র আর ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না। কিন্তু ক্ষমতাসীন বিএনপি অতীতের ফ্যাসিবাদী আমলের মতো সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশকে আবার পেছনের দিকে ফিরিয়ে নিতে চায়।

বক্তাগণ বলেন, আমরা জান দেবো, তবু জুলাই দেবো না। জুলাইয়ের চেতনাকে সমুন্নত রেখে ফ্যাসিবাদী কাঠামো ভেঙে নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজনে জনতা আবার রাজপথে নামতে বাধ্য হবে। বাহাত্তরের সংবিধান সংস্কারের জন্য সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালুসহ গুম প্রতিরোধ অধ্যাদেশ ও মানবাধিকার অধ্যাদেশসহ জুলাই সনদের সব অধ্যাদেশ অবিলমম্বে কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

তারা বলেন, জ্বালানি তেল নিয়ে সরকার একদিকে বলছে কোনো সংকট নেই, অপরদিকে তেল সংকটে যাতায়াত, যোগাযোগ ব্যবস্থা, শিল্প এবং বাণিজ্য ক্ষেত্রে যে অস্থিরতা তৈরি হয়েছে তা দূর করতে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোকে নিয়ে কমিটি করে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। সমাবেশ শেষে এক বিশাল মিছিল করে তারা।

এসময় ১১ দলের নেতাসহ দলগুলোর বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button