গাছে উঠে আটকে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এ কলে উদ্ধার

বাংলা টিভি ডেস্ক: জামালপুরের ইসলামপুরে গাছে উঠে মাথা ঘুরে আটকে পড়া ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (১১ এপ্রিল) দুপুরে পৌরসভার দরিয়াবাদ এলাকায় এই ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ এক ব্যক্তির ফোন পেয়ে তাকে উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও ৯৯৯ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ইসলামপুর পৌরসভার দরিয়াবাদ এলাকা থেকে একজন কলার ৯৯৯-এ ফোন করে জানান, এক বৃদ্ধ ব্যক্তি গাছে ওঠার পর হঠাৎ মাথা ঘুরে গাছের ওপর কোনোমতে আটকে আছেন। তিনি যেকোনো সময় নিচে পড়ে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন।
৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে ইসলামপুর ফায়ার সার্ভিসকে জানানো হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা গাছে আটকে থাকা ওই বৃদ্ধকে নিরাপদে নিচে নামিয়ে আনেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম জানান, বৃদ্ধটি গাছের মগডালে এমনভাবে আটকে ছিলেন যে নিজে থেকে নামার সক্ষমতা হারিয়েছিলেন। ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ায় তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।



