
জুলাই আন্দোলনের সময়ের আশরাফুল হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত।
রোববার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরে ৭ এপ্রিল ভোরে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
এর আগে পুলিশ তার দুই দিনের রিমান্ড আবেদন করলেও, একই সঙ্গে তার পক্ষে জামিন আবেদন করা হয়। আদালত তখন উভয় আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল।
মামলার তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ১৮ জুলাই লালবাগ থানার আজিমপুর সরকারি কলোনি এলাকায় মিছিলে অংশ নেওয়া মো. আশরাফুল ওরফে ফাহিম গুলিবিদ্ধ হন। এতে তার বাম চোখ নষ্ট হয়ে যায়।
এ ঘটনায় গত বছরের ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১১৫-১২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন চৌধুরী প্রথমবারের মতো স্পিকার নির্বাচিত হন এবং পরবর্তীতে টানা দায়িত্ব পালন করেন। সর্বশেষ নির্বাচনের পরও তিনি স্পিকার হন, তবে সরকারের পতনের পর তিনি পদত্যাগ করেন।



