শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি খেলা দেখছিলেন

শনিবার রাতে একদিকে পাকিস্তানে দাঁড়িয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানাচ্ছিলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হয়নি। ঠিক সেই সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের মিয়ামিতে একটি মিক্সড মার্শাল আর্টস প্রতিযোগিতা উপভোগ করছিলেন।
ট্রাম্পের পাশে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তার কয়েকজন সন্তান, ইউএফসি কর্মকর্তারা, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর, গায়ক ভ্যানিলা আইস এবং পডকাস্টার জো রোগান।
ভ্যান্স যখন সাংবাদিকদের বলছিলেন, ‘খারাপ খবর হলো আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি’, তখন ট্রাম্প খেলার মঞ্চের পাশে দাঁড়িয়ে এক বিজয়ী লড়াকুর হাইলাইট ভিডিও দেখছিলেন। তার মুখে ছিল হালকা হাসি এবং বিজয়ীদের উদ্দেশে তিনি থাম্বস আপ দিচ্ছিলেন।
ফ্লোরিডায় যাওয়ার পথে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে চুক্তি হোক বা না হোক, এতে তার তেমন কিছু যায় আসে না। তার ভাষায়, ‘যাই হোক, আমরা জিতব। আমরা তাদের সামরিকভাবে পরাজিত করেছি।’
তবে পরিস্থিতি ততটা সহজ নয়। দেশে মূল্যস্ফীতি বাড়ছে এবং তেলের দাম বৃদ্ধি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে। ডেমোক্র্যাট নেতারা ট্রাম্পকে অভিশংসনের কথা বলছেন এবং তার মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলছেন। ইরানকে নিয়ে তার কঠোর বক্তব্যের পর তার কিছু দীর্ঘদিনের সমর্থকরাও অসন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে পুরো সন্ধ্যায় ট্রাম্পের পাশে ছিলেন তার সন্তান ইভাঙ্কা, টিফানি এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। তবে তার জামাতা জ্যারেড কুশনার সেখানে উপস্থিত ছিলেন না; তিনি পাকিস্তানে ভ্যান্স ও উইটকফের সঙ্গে আলোচনায় ব্যস্ত ছিলেন।
সূত্র: নিউইয়র্ক টাইমস



