মারা গেছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে

ভারতীয় সংগীত জগতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়। তার ছেলে আনন্দ ভোঁসলে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। আগামীকাল সোমবার তার শেষকৃত্য সম্পন্ন হবে।
১৯৩৩ সালে সংগীতপ্রেমী পরিবারে জন্ম নেওয়া আশা ভোঁসলে ছোটবেলা থেকেই সংগীতচর্চা শুরু করেন। ১৯৪৩ সালে চলচ্চিত্রে প্রথম গান গাওয়ার মাধ্যমে তার যাত্রা শুরু হয় এবং ১৯৫০-এর দশকেই তিনি বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। বড় বোন লতা মঙ্গেশকরের পাশাপাশি নিজস্ব গায়কী ঢঙে তিনি দীর্ঘদিন শ্রোতাদের মুগ্ধ করেছেন।
শুরুতে চটুল বা ক্যাবারে ধাঁচের গানের জন্য পরিচিত হলেও পরে ‘উমরাও জান’ ছবিতে গজল গেয়ে নিজের বহুমুখী প্রতিভার প্রমাণ দেন। তার গাওয়া “দিল চিজ কেয়া হ্যায়” এবং ‘ইজাজত’ ছবির “মেরা কুছ সামান” গান দুটি তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয়। এছাড়া তিনি সাতবার ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।
ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়েছেন তিনি। প্রথমে গণপতরাও ভোঁসলেকে বিয়ে করলেও পরে সেই সম্পর্ক ভেঙে যায়। পরবর্তীতে ১৯৮০ সালে সংগীত পরিচালক রাহুল দেব বর্মণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তার মৃত্যুর আগ পর্যন্ত একসঙ্গে ছিলেন।
জীবনের শেষ সময়গুলোতে তার নাতনি জেনাই ভোঁসলে ছিলেন তার সঙ্গী। তার প্রয়াণে ভারতীয় সংগীতের একটি স্বর্ণযুগের অবসান ঘটল।



