
মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে পাচারের সময় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে মোট ৮ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
শনিবার (১১ এপ্রিল) ভোররাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং সীমান্ত এলাকায় এই অভিযান চালানো হয়।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে মিয়ানমার থেকে বড় একটি মাদক চালান বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে।
পরে রাডার ও থার্মাল ইমেজারের মাধ্যমে সন্দেহজনক গতিবিধি শনাক্ত করে বিজিবি টহল দল ঘটনাস্থলে অবস্থান নেয় এবং অ্যাম্বুশ বসায়।
একপর্যায়ে চোরাকারবারিরা নাফ নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। তখন তারা ইয়াবার পোটলা ফেলে নদীতে ঝাঁপিয়ে পড়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে ১৩টি পোটলা উদ্ধার করে মোট ৮ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।



