
টিকটকে পরিচয়ের সূত্র ধরে দুই সন্তানের জননী এক প্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে কুমিল্লার বুড়িচং উপজেলায়।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া ডাকলাপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী ওমর ফারুক ২০১৯ সালে জান্নাতুল ফেরদৌসকে বিয়ে করেন। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। পরে মোবাইল ফোনে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে চান্দিনা উপজেলার বেলাশর গ্রামের আনিসুর রহমানের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে।
পরিবারের অভিযোগ, ওই সম্পর্কের জেরে ৯ এপ্রিল রাত আনুমানিক ১টার দিকে জান্নাতুল ফেরদৌস ঘর থেকে তিন ভরি স্বর্ণালঙ্কার, নগদ অর্থ এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। এ সময় তিনি দুই সন্তানের মধ্যে ছোট সন্তানকে সঙ্গে নিলেও পরে তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।
বড় সন্তান বর্তমানে দাদির কাছে এবং ছোট সন্তান নানার বাড়িতে রয়েছে।
এ বিষয়ে প্রবাসী ওমর ফারুক বলেন, তিনি নিয়মিত স্ত্রীর ভরণপোষণ দিয়েছেন, কিন্তু এমন ঘটনার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং ন্যায়বিচার চান।
বুড়িচং থানা পুলিশের ওসি জানান, বিষয়টি নিয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে এবং তদন্ত চলছে।



