Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

‘নারী থাকার’ অভিযোগে হলে তল্লাশি, ৩ ছাত্রের আবাসিকতা স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে ‘নারী থাকার সন্দেহে’ গভীর রাতে অনুমতি ছাড়া কক্ষে তল্লাশির ঘটনায় হল সংসদের এজিএসসহ তিন শিক্ষার্থীর আবাসিকতা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে হল প্রশাসন।

শনিবার (১২ এপ্রিল) মধ্যরাতে হল প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবার রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

সাময়িকভাবে আবাসিকতা স্থগিত হওয়া শিক্ষার্থীরা হলেন মো. ইসরাফীল (এজিএস, জিয়া হল সংসদ), মো. সাকিব জুবায়ের (সাংস্কৃতিক সম্পাদক) এবং মো. ফোরকান হাফিজ জীম। পাশাপাশি হল সংসদের ভিপি মো. মোজাম্মেল হকের বিরুদ্ধে কেন আবাসিকতা বাতিল করা হবে না—সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এর আগে শনিবার ভোরে হলের ১২১ নম্বর কক্ষে ‘নারী থাকার অভিযোগে’ তল্লাশি চালানো হয় বলে জানা যায়। পরে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

হল সূত্রে জানা যায়, একটি অভিযোগের ভিত্তিতে কিছু শিক্ষার্থী ওই কক্ষে তল্লাশি চালায়। পরে বিষয়টি নিয়ে বাকবিতণ্ডা ও বিতর্ক তৈরি হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগ করেন, গভীর রাতে দরজা ধাক্কা দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করা হয় এবং মোবাইলে ভিডিও ধারণ করে তল্লাশি চালানো হয়। তবে তল্লাশিতে কোনো অনিয়ম বা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

অন্যদিকে অভিযুক্ত পক্ষের দাবি, তারা অভিযোগ পেয়ে যাচাই করতে গিয়েছিল এবং কোনো অপ্রীতিকর কিছু পাওয়া যায়নি।

হল প্রাধ্যক্ষ জানান, বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হবে এবং শৃঙ্খলা ভঙ্গের কারণে তিন শিক্ষার্থীর আবাসিকতা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অনুমতি ছাড়া হলে তল্লাশি সম্পূর্ণ এখতিয়ারবহির্ভূত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button