
কুষ্টিয়ার দৌলতপুরে এক পীরের দরবারে অগ্নিসংযোগ ও পীর হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে National Citizen Party (জাতীয় নাগরিক পার্টি—এনসিপি)। দলটি বলেছে, হামলার উসকানিদাতা, পরিকল্পনাকারী ও জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
শনিবার (১১ এপ্রিল) রাতে দলের যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বক্তব্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে কুষ্টিয়ার দৌলতপুরে একটি দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি। এতে দরবারের প্রধান পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর নিহত হন। এ ঘটনায় এনসিপি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
দলটি উল্লেখ করে, ধর্ম অবমাননার মতো সংবেদনশীল অভিযোগের তদন্ত ও বিচার করার দায়িত্ব আদালতের। ‘মব-সহিংসতা’র মাধ্যমে অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড ঘটানো একটি গুরুতর ফৌজদারি অপরাধ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের মব-সহিংসতা স্থানীয় ক্ষমতাসীনদের ছত্রচ্ছায়া ছাড়া সম্ভব নয়। গত বছর রাজবাড়ীতে মাজার ভাঙচুর ও লাশ পোড়ানোর ঘটনাতেও রাজনৈতিক প্রভাব ছিল বলে তারা দাবি করে।
এনসিপি অভিযোগ করে, সরকার একদিকে ‘মব কালচার’ বন্ধের কথা বললেও বাস্তবে তা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। বরং কিছু ক্ষেত্রে সরকার-সমর্থিত গোষ্ঠী এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগও তুলেছে দলটি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে দলটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।



