যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওপর অনাস্থার কথা পুনর্ব্যক্ত করে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কালিবাফ বলেছেন, তবুও প্রকৃত সমঝোতার লক্ষ্যে তারা আলোচনায় অংশ নিতে প্রস্তুত।
শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের ইসলামাবাদে নির্ধারিত ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের আগে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, অতীতে একাধিকবার আলোচনার মাঝেই যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে এবং ‘বিশ্বাসঘাতকতা’ করেছে।
গালিবাফ বলেন, ‘আমাদের সদিচ্ছা আছে, কিন্তু আমেরিকার ওপর আমাদের আস্থা নেই।’ তবে যুক্তরাষ্ট্র যদি ইরানের অধিকার মেনে একটি বাস্তবসম্মত চুক্তিতে আগ্রহী হয়, তাহলে তেহরানও সমঝোতায় প্রস্তুত থাকবে।
তিনি সতর্ক করে বলেন, যদি ওয়াশিংটন আলোচনাকে কৌশলগত চাল বা প্রতারণা হিসেবে ব্যবহার করতে চায়, তাহলে ইরান নিজস্ব সক্ষমতার ওপর নির্ভর করে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করবে। সাম্প্রতিক সংঘাতে ইরানের প্রতিরক্ষা ও পাল্টা হামলার সক্ষমতার কথাও উল্লেখ করে তিনি বলেন, দেশটি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।



