Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

কুলখানি অনুষ্ঠানে পদদলিত হয়ে শিশুসহ আহত ১৫

বাংলা টিভি ডেস্ক: কুলখানি অনুষ্ঠানে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ১৫ জন আহতের খবর পাওয়া গেছে। শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর নরসিংদী সদর উপজেলার মাধবদীর ভগিরথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৬ জনের নাম জানা গেছে। তারা হলেন- আব্দুল মান্নান (৬০), আফাজ উদ্দিন (৫৫), কাদির মিয়া (৩০), সুমন আহমেদ (২৫), জাকারিয়া (১৫) ও ইব্রাহিম (৫)। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম জানা যায়নি।

স্থানীয়রা জানান, নরসিংদী চেম্বার অব কর্মাসের সাবেক প্রেসিডেন্ট বিশিষ্ট শিল্পপতি আব্দুল মোমেন মোল্লার বাবা প্রয়াত লাল মিয়া মোল্লার কুলখানি ‘ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়’ মাঠে আয়োজন করা হয়। কুলখানিতে ভগিরথপুরসহ আশেপাশের এলাকার প্রায় ৮/১০ হাজার লোক অংশগ্রহণ করতে জমায়েত হয় বিদ্যালয়ের গেটের সামনে। জুমার নামাজের পর বিদ্যালয়ের গেট খুলে দেওয়া হয়। এসময় হুড়োহুড়ি করে লোকজন গেট দিয়ে স্কুল মাঠে প্রবেশ করতে গেলে ধাক্কাধাক্কি এবং পদদলিত হয়ে অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশান আরা কবির বলেন, এই ঘটনায় নরসিংদী সদর হাসপাতালে চারজনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্য থেকে গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার বলেন, ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে কুলখানি অনুষ্ঠান করার জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। পদদলিত হয়ে আহত হওয়ার ঘটনা আমার জানা নেই।

তবে মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়। তবে এ ঘটনায় কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button