৮ ঘণ্টা নিখোঁজ ছাত্রী, পরে মিলল স্কুলের তৃতীয় তলায় তালাবদ্ধ কক্ষে

বাংলা টিভি ডেস্ক: কুষ্টিয়ার মিরপুর উপজেলার একটি বিদ্যালয়ে নিখোঁজ হওয়া ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে প্রায় ৮ ঘণ্টা পর বিদ্যালয়ের তালাবদ্ধ কক্ষ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নিখোঁজ হয় ওই ছাত্রী। পরে রাত ৮টার দিকে বিদ্যালয়ের তৃতীয় তলার একটি কক্ষ থেকে তাকে উদ্ধার করেন স্থানীয়রা।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে অনুষ্ঠান শেষে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার দিকে বিদ্যালয়ে গিয়ে দপ্তরীর কাছে চাবি চাইলে তিনি প্রথমে তা দিতে অস্বীকৃতি জানান। পরে বাকবিতণ্ডার একপর্যায়ে কক্ষ খুলে ভেতরে ঢুকে মেয়েটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
উদ্ধার হওয়া ছাত্রীর মামা মো. নাজিম জানান, দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বিদ্যালয়ে গিয়ে চাবি নিয়ে কক্ষ খুলে মেয়েটিকে পাওয়া যায়। তিনি বলেন, উদ্ধারকালে মেয়েটি অচেতন ছিল এবং কথা বলতে পারছিল না। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খাইরুজ্জামান জানান, সন্ধ্যার দিকে কয়েকজন শিক্ষার্থী আমার বাড়িতে গিয়ে জানায়, একটি মেয়ে নিখোঁজ রয়েছে। তখন আমি তাদের বিদ্যালয়ে গিয়ে খোঁজ নেওয়ার জন্য দপ্তরির কাছ থেকে চাবি নিতে বলি। শিক্ষার্থীরা প্রথমবার খুঁজে না পেলেও পরবর্তীতে আবার খোঁজ করতে গিয়ে দপ্তরির ৩য় তলায় একটি স্থানে মেয়েটিকে দেখতে পায়। তখন সে কিছুটা বসা ও কিছুটা শোয়া অবস্থায় ছিল এবং তার জ্ঞান কিছুটা অস্পষ্ট মনে হচ্ছিল। খবর পেয়ে আমি নিজেও সেখানে যাই এবং মেয়েটিকে পাশের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে একজন চিকিৎসক এসে প্রাথমিক চিকিৎসা দেন। পরে পরিবারের সদস্যরা এসে তাকে নিয়ে যান।
সিসিটিভি ফুটেজ সম্পর্কে তিনি বলেন, অনুষ্ঠানের সময় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির কক্ষে অন্য কোনো শিক্ষার্থী ছিল না। ওই মেয়েটি একা প্রায় ৭-৮ মিনিটের জন্য কক্ষে প্রবেশ করে এবং পরে নিজের ব্যাগ নিয়ে বের হয়ে যায়। এরপর সে ক্যামেরার বাইরে চলে যায় এবং তার পরবর্তী গতিবিধি আর দেখা যায়নি। বিদ্যালয় কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজে অন্য কাউকে ওই এলাকায় প্রবেশ করতে দেখেনি। এছাড়াও রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করেছি, কিন্তু মেয়েটির বের হয়ে যাওয়ার পর আর কাউকে ক্যামেরায় ধরা পড়েনি।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ জানান, প্রাথমিকভাবে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। মেয়েটি জানিয়েছে, তার সঙ্গে কেউ কোনো ধরনের অসদাচরণ করেনি, তবে সে ব্যথা অনুভব করছে।
তিনি বলেন, বিষয়টি নিশ্চিত হতে মেয়েটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে।



