
লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জে ফরহাদ হোসেন (৩০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে বাড়ির পাশের একটি ফসলি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ফরহাদ সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামের দিদার হোসেনের ছেলে। তিনি অটোরিকশা চালাতেন এবং এক সন্তানের জনক ছিলেন।
পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এক ব্যক্তি পাওনা টাকা দেওয়ার কথা বলে ফরহাদকে ফোন করে ডেকে নেয়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে সকালে বাড়ির কাছাকাছি ফসলি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
নিহতের স্ত্রী নার্গিস বেগম দাবি করেন, টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করেই তার স্বামীকে হত্যা করা হয়েছে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, দুর্বৃত্তরা ফরহাদের ডান চোখ উপড়ে ফেলে তাকে নৃশংসভাবে হত্যা করে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।



