
শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন তার বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম।
রায়ের প্রতিক্রিয়ায় আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, এই হত্যাকাণ্ডে মাত্র দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা যথেষ্ট নয়। তার দাবি, ঘটনায় জড়িত আরও অনেকের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত ছিল। তিনি বলেন, “ছাত্রলীগের সাবেক সভাপতি পোমেল বড়ুয়া আমার ছেলেকে গলাটিপে ধরেছিল, তারও কঠোর শাস্তি হওয়া দরকার ছিল।” পাশাপাশি তিনি অভিযোগ করেন, অনেক গুরুত্বপূর্ণ আসামি পালিয়ে গেছে এবং বড় অপরাধীদের আড়াল করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের কাছে তাদের দাবি থাকবে—যারা পালিয়ে আছে, তাদের ধরে এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। পরে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরিবার পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।
আবু সাঈদের মা মনোয়ারা বেগমও রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, এই রায়ে তারা সন্তুষ্ট নন এবং আরও কঠোর শাস্তি প্রত্যাশা করেন। তার ভাষায়, “আমরা আরও বিচার চাই, অনেকেই ফাঁসি পায় নাই, তাই আমরা খুশি না।”
এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, রায়ের বিষয়ে পরিবার ও সংশ্লিষ্টরা ভালো বলতে পারবেন। তিনি জানান, তিনি রায়ে সন্তুষ্ট, তবে রায়ের ধরণ নিয়ে কিছু প্রশ্ন রয়েছে। তার মতে, ঘটনাটির বিচার প্রক্রিয়া দীর্ঘদিন পর হলেও এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
তিনি আরও বলেন, আবু সাঈদ হত্যার পর তৎকালীন প্রশাসন যথাযথ আইনি ব্যবস্থা নেয়নি। এই রায় বিচার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও এর পূর্ণ মূল্যায়ন সময়ের সঙ্গে আরও পরিষ্কার হবে।



