Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

জেলের এক টানেই উঠল ১০১ মণ ইলিশ, অতঃপর…

বাংলা টিভি ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে ভাগ্যবান এক জেলের জালে এক টানেই শত মণ ইলিশ উঠে আসার ঘটনা ঘটেছে। একবার জাল টানতেই উঠে আসে প্রায় ১০১ মণ মাছ, যার বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৩৩ লাখ টাকা।

রোববার (৫ এপ্রিল) বিকেলে শাহপরীর দ্বীপ জেটিঘাটে মাছগুলো আনা হলে স্থানীয় আড়তে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। ট্রলারটি ছিল আবুল কালামের মালিকানাধীন ‘এফবি দ্বীপ’, যেখানে ১৫ জন জেলে দুই দিন ধরে সেন্টমার্টিন সংলগ্ন সাগরে মাছ ধরছিলেন।

জেলেরা জানান, শুরুতে আশানুরূপ মাছ না পেলেও ভোরের দিকে ভাগ্য খুলে যায়। এক টানেই বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় তাদের মাঝে ফিরে আসে স্বস্তি। পরে স্থানীয় এক ব্যবসায়ীর কাছে পুরো চালানটি বিক্রি করা হয়।

জেলে নুরুল ইসলাম মাঝি জানান, টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে ১৫ জেলে নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিন সংলগ্ন সাগরে মাছ ধরতে যায়।

শুরুতে মাছ না পেলেও রোববার ভোরে তাদের জালে প্রায় ১০১ মণ ইলিশ ধরা পড়ে। পরে এসব মাছ ৩৩ লাখ টাকায় বিক্রি করা হয়। দীর্ঘদিন পর এত ইলিশ ধরা পড়ায় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে আনন্দ ফিরে এসেছে।

ঘাটে গিয়ে দেখা যায়, মাছ নামানো থেকে শুরু করে বাছাই, বরফে সংরক্ষণ ও পরিবহনে ব্যস্ত সময় পার করছেন জেলে ও শ্রমিকরা। এ সময় পুরো এলাকাতে ছিল উৎসবমুখর পরিবেশ।

স্থানীয় মৎস্যজীবী নেতা আব্দুল গণি বলছেন, সাম্প্রতিক সময়ে সাগরে ইলিশের পরিমাণ কম থাকায় জেলেরা আর্থিক চাপে ছিলেন। এই ধরা পড়া মাছ তাদের আগের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে সহায়তা করবে। ভালো দাম পাওয়ায় ব্যবসায়ীরাও বিভিন্ন জেলায় ইলিশ পাঠাতে শুরু করেছেন।

টেকনাফ উপজেলার মৎস্য কর্মকর্তার প্রতিনিধি শহিদুল আলম বলেন, সরকার নির্ধারিত সময়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় ইলিশের প্রজনন ও আকার দুটোই বেড়েছে।

এর সুফল এখন জেলেরা পাচ্ছেন, যা তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতিতে ভূমিকা রাখছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button