ভারতে আটক বাংলাদেশি নাগরিকের মৃত্যু, বাংলাবান্ধা দিয়ে মরদেহ হস্তান্তর
ভারতে আটক বাংলাদেশি নাগরিকের মৃত্যু, বাংলাবান্ধা দিয়ে মরদেহ হস্তান্তর

পঞ্চগড় প্রতিনিধি
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী আজিজুর রহমান (৫০) নামের এক বাংলাদেশির মরদেহ হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে মরদেহটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ।
মৃত আজিজুর রহমান ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার শাহানাবাদ এলাকার বাসিন্দা ছিলেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ২০২৫ সালের ১৪ মে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে আমবাড়ী নামক স্থানে প্রবেশের সময় বিএসএফের হাতে আটক হন আজিজুর রহমান। পরিবারের অভিযোগ, আটকের পর বিএসএফ তাকে শারীরিকভাবে নির্যাতন করে এবং পরবর্তীতে তাকে শিলিগুড়ি জেলা কারাগারে পাঠানো হয়। দীর্ঘ সময় কারাগারে বন্দি থাকা অবস্থায় গত ২২ মার্চ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে শিলিগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলেই তার মৃত্যু হয়। মৃত্যুর খবর পাওয়ার পর ভারত থেকে বিভিন্ন মাধ্যমে পরিবারের সাথে যোগাযোগ করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে আজ মরদেহ হস্তান্তরের সিদ্ধান্ত হয়।
শুক্রবার দুপুরে বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবি ও পুলিশের উপস্থিতিতে আজিজুরের মরদেহ গ্রহণ করেন তার মেয়ের জামাই দুলাল হোসেন এবং ভাতিজা সোহেল রানা। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ মোহাম্মদ কায়েস মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে ভারতীয় পুলিশ ও বিএসএফ বাংলাদেশি ওই নাগরিকের মরদেহ আমাদের কাছে হস্তান্তর করেছে, যা পরবর্তীতে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।



