
বাংলা টিভি ডেস্ক: চৈত্রের খরতাপে অতিষ্ঠ জনজীবন। দেশের কয়েক জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। সূর্যের প্রখর তাপ ও গরম বাতাসে হাসফাঁস জনজীবন।
শুক্রবার (৩ এপ্রিল) ছুটির দিনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে, এর থেকে কয়েকগুণ বেশি গরম অনুভূত হচ্ছে। আজ রেকর্ডকৃত এই তাপমাত্রা চলতি মৌসুমের সর্বোচ্চ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হচ্ছেন না কেউ। রাস্তায় যানবাহনের সংখ্যাও অন্যান্য দিনের তুলনায় কম।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, রাজশাহী, খুলনা বিভাগসহ আরও ৯টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে ঢাকা বিভাগের ৫টি জেলাও রয়েছে। এটা আমাদের বিকেল ৩টার রেকর্ড। সন্ধ্যা ৬টায় আমাদের প্রতিটি স্টেশনে আবার তাপমাত্রা মাপা হবে। তাপমাত্রা বাড়লে সেটা আমাদের সন্ধ্যা ৭টার বিজ্ঞপ্তিতে জানানো হবে।
এদিকে, তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দিনমজুররা। জীবিকার তাগিদে রোদে পুড়ে কাজ করতে হচ্ছে তাদের।



