Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবাংলাদেশ

সন্ধ্যার পর খোলা থাকবে যেসব বিপণি বিতান

বাংলা টিভি ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে জ্বালানি সাশ্রয়ে একগুচ্ছ কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, সব দোকানপাট, বাণিজ্য বিতান ও শপিং মল সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখতে হবে। তবে কাঁচাবাজার, ওষুধের দোকান এবং খাবারের দোকানের মতো জরুরি সেবাগুলো এই নির্দেশনার বাইরে থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, এ সিদ্ধান্ত বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয় কঠোর নজরদারি করবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষা খাত নিয়েও আসছে নতুন নির্দেশনা। স্কুল খোলা রাখা হলেও সময়সূচিতে পরিবর্তন আনা হবে, যাতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত না হয়। এ বিষয়ে আগামী রোববার থেকে শিক্ষা মন্ত্রণালয় বিস্তারিত নির্দেশনা দেবে।

যানজট কমানো ও জ্বালানি সাশ্রয়ে স্কুলগামী শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিরুৎসাহিত করতে ‘ইলেকট্রিক বাস’ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হবে। একই সঙ্গে বাণিজ্যিক খাতে নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে, তবে পুরোনো বাস আমদানির সুযোগ রাখা হয়নি।

সরকারি ব্যয় সংকোচনের অংশ হিসেবে আগামী তিন মাসের জন্য বেশ কিছু সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—কোনো নতুন সরকারি যানবাহন (সড়ক, নৌ বা আকাশপথে) এবং কম্পিউটার সামগ্রী ক্রয় না করা। এছাড়া সরকারি কর্মকর্তাদের সব ধরনের বিদেশ ভ্রমণ স্থগিত করা হয়েছে এবং অভ্যন্তরীণ প্রশিক্ষণের ৫০ শতাংশ বন্ধ রাখা হয়েছে।

জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতের বাজেট থেকে ৩০ শতাংশ ব্যয় কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সভা-সেমিনারের আপ্যায়ন খরচও অর্ধেকে নামিয়ে আনা হয়েছে।

এদিকে জ্বালানি সাশ্রয়ে সামাজিক আয়োজনেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিয়ে বা অন্য কোনো উৎসব-অনুষ্ঠানে আলোকসজ্জা না করার নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

সরকারের এসব পদক্ষেপকে জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ও তাৎক্ষণিক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button