
বাংলা টিভি ডেস্ক: দেশে চলমান জ্বালানি সংকট ও ব্যয় সাশ্রয়ের লক্ষে সরকারি ব্যয় কমাতে সরকার একগুচ্ছ কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে আগামী তিন মাসের জন্য নতুন যানবাহন ক্রয় বন্ধ এবং সরকারি অর্থায়নে বৈদেশিক প্রশিক্ষণ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।
নাসিমুল গনি বলেন, ‘সরকারি-বেসরকারি সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। রোববার থেকে সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে আগামী রোববার সিদ্ধান্ত নেওয়া হবে। বিয়ে বা কোনো সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না।’
তিনি আরও বলেন, ‘আগামী রোববার থেকে সরকারে নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস সময় ১ ঘণ্টা কমিয়ে ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। ঘোষিত নতুন সময়সূচি অনুযায়ী সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।’
এর আগে রাত পৌনে ৯টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষ হয় রাত সাড়ে ১১টায়।



