দুই মাসের মধ্যে দনবাস ত্যাগ করো: ইউক্রেনকে রাশিয়া

রাশিয়া ইউক্রেনকে আগামী দুই মাসের মধ্যে দনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সেনা সরানো না হলে ভবিষ্যতের শান্তি আলোচনায় কিয়েভকে আরও কঠিন ও ভিন্নধর্মী শর্তের মুখোমুখি হতে হবে। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট-এর প্রতিবেদনে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
বুচা সামিটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, রাশিয়া মূলত যুক্তরাষ্ট্রকে বার্তা দিচ্ছে যে, তারা দুই মাসের মধ্যে দনবাসে সামরিক শক্তি প্রয়োগ করে পুরো অঞ্চল দখল করবে। এতে পরবর্তী আলোচনায় মস্কো একতরফা আধিপত্য বিস্তার করতে পারবে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাশিয়ার এই ধরনের পরিকল্পনা কেউ বিশ্বাস করতে পারে দেখে আমি অবাক।”
দনবাস অঞ্চলের ভবিষ্যৎ বর্তমানে ইউক্রেন-রাশিয়া সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মার্কিন মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনায় উভয় পক্ষই অনড় অবস্থান নিয়েছে। রাশিয়া চাইছে দনবাসের পূর্ণ নিয়ন্ত্রণ, আর জেলেনস্কি প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে, ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় কোনো আপস করবে না।



