
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, দেশের হঠাৎ হামের প্রাদুর্ভাবকে তারা বজ্রপাতের সঙ্গে তুলনা করছেন এবং এ পরিস্থিতির জন্য পূর্ব কোনো প্রস্তুতি ছিল না।
তিনি জানান, সরকারের উদ্যোগে জাতীয় জরুরি টিকাদান কর্মসূচি (ন্যাশনাল ইমারজেন্সি ভ্যাকসিন ক্যাম্পেইন) শুরু হতে যাচ্ছে। মূলত ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই টিকাদান কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে।
টিকাদান কার্যক্রমের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ইউনিসেফ থেকে টিকা সরবরাহ প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে এবং ঘাটতি দ্রুত পূরণ করা হবে। আগামী রোববার থেকে মাঠ পর্যায়ে টিকা প্রদান শুরু হবে।
মন্ত্রী অভিভাবকদের অনুরোধ করেছেন শিশুদের দ্রুত নিকটস্থ টিকাকেন্দ্রে নিয়ে আসার জন্য এবং সাধারণ মানুষ আতঙ্কিত না হয়ে সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে। এই তড়িৎ পদক্ষেপের মাধ্যমে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।



