
ভুয়া অর্ডার দিয়ে জামায়াতে ইসলামীর কর্মীরা বেশি হয়রানি করেছে বলে অভিযোগ করেছেন আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান।
বুধবার (১ এপ্রিল) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে তারেক রহমান লেখেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এফ-কমার্স ব্যবসা করতে গিয়ে শুরুতে ক্যাশ অন ডেলিভারিতে কোনো অগ্রিম না নেওয়ায় প্রচুর অর্ডার আসত। তবে প্রায় ১০ শতাংশ অর্ডারই ছিল ভুয়া—অনেকে অর্ডার দিয়ে পরে ফোন রিসিভ করতেন না। পরে ৫০০ টাকা অগ্রিম নেওয়ার নিয়ম চালু করলে অর্ডার কমে গেলেও ক্ষতি বন্ধ হয়।
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধের কারণে জামায়াতে ইসলামীর লোকজন ভুয়া অর্ডার দিয়ে তাকে সবচেয়ে বেশি হয়রানি করেছে এবং ব্যবসায়িক ক্ষতি করার চেষ্টা করেছে।
একটি উদাহরণ দিয়ে তিনি বলেন, এক ব্যক্তি গোপালভোগ আম নিয়ে অসন্তুষ্ট হয়ে প্রতিশোধ নিতে দুই মণ আম অর্ডার করেন। অগ্রিম ছাড়া আম পাঠানোর পর তিনি তা নিতে অস্বীকৃতি জানান। পরে থানায় অভিযোগ করলে পুলিশ বিষয়টি বুঝে ব্যবস্থা নেয়।
তারেক রহমানের দাবি, ওই ঘটনায় পুলিশ উপস্থিতিতে আম পরীক্ষা করে দেখে এবং পরে কিছু আম রেখে বাকি আমের মূল্য পরিশোধ করা হয়।



