হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী ঘিরে চলমান সংকটের প্রেক্ষাপটে বলেছেন, যেসব দেশ এই জলপথ দিয়ে জেট ফুয়েল বা বিমানের জ্বালানি আনতে পারছে না, তাদের নিজেদের উদ্যোগে তেল সংগ্রহ করতে হবে—অথবা যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি যুক্তরাজ্যের মতো দেশগুলোর প্রসঙ্গ টেনে বলেন, যারা ইরানবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশ নেয়নি, তাদের জন্য দুটি পথ খোলা আছে। প্রথমত, তারা যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি কিনতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত মজুত রয়েছে। দ্বিতীয়ত, তারা নিজেরাই হরমুজ প্রণালীতে গিয়ে তেল সংগ্রহ করতে পারে।
ট্রাম্প আরও মন্তব্য করেন, এখন সময় এসেছে দেশগুলো নিজেদের জন্য লড়াই করা শেখার, কারণ যুক্তরাষ্ট্র আর সব ক্ষেত্রে সহায়তা দেবে না। তিনি দাবি করেন, ইরান ইতোমধ্যে পরাস্ত হয়েছে এবং সংঘাতের কঠিন অধ্যায় শেষ।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এই প্রণালী দিয়ে বিশ্বে প্রায় ২০ শতাংশ জ্বালানি সরবরাহ হয়। ফলে এটি বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানির দাম দ্রুত বাড়ছে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।



