
স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, হামসহ ১০ ধরনের টিকা সংগ্রহের জন্য সরকার ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে রামেক হাসপাতাল পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।
এসময় তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের সন্তানরা, আমাদের ছোট বাচ্চারা মৃত্যুবরণ করেছে—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি এবং সীমাবদ্ধতার মধ্যেই দ্রুত সমাধানের কাজ শুরু করেছি।”
স্বাস্থ্য সচিব আরও জানান, বরাদ্দকৃত অর্থ ইউনিসেফকে পরিশোধ করা হয়েছে। শীঘ্রই টিকা দেশে পৌঁছাবে এবং ডোজ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই সারাদেশে টিকাদান কার্যক্রম শুরু করা হবে। তিনি উল্লেখ করেন, করোনা মহামারির সময় টিকাদানে কিছুটা স্থবিরতা হয়েছিল, তবে এবার বৃহৎ পরিসরে টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।



