এবার ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিলেন রেজা পাহলভী

ইরানের নির্বাসিত যুবরাজ ও বিরোধী নেতা রেজা পাহলভী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–কে তেহরানের বর্তমান শাসনব্যবস্থার সঙ্গে কোনো নতুন চুক্তিতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, ইসলামিক রিপাবলিকের নেতৃত্বের সঙ্গে যেকোনো সমঝোতা শেষ পর্যন্ত ব্যর্থ হবে এবং তা ইরানি জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করবে।
শনিবার দেওয়া এক সাক্ষাৎকারে পাহলভী বলেন, ইরানের বর্তমান সরকার তাদের আদর্শিক অবস্থান থেকে সরে আসবে না। বরং তারা আন্তর্জাতিক চুক্তিকে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার কৌশল হিসেবে ব্যবহার করে থাকে। তার মতে, এই বাস্তবতায় নতুন করে কোনো সমঝোতা কার্যকর ফল দেবে না।
তিনি ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বর্তমান শাসকগোষ্ঠীর সঙ্গে আলোচনা না করে বরং ইরানের সাধারণ জনগণ এবং গণতান্ত্রিক পরিবর্তনের পক্ষে থাকা শক্তিগুলোর প্রতি সমর্থন দেওয়া উচিত। একই সঙ্গে তেহরানের ওপর সর্বোচ্চ চাপ বজায় রাখার পক্ষেও মত দেন তিনি।
দীর্ঘদিন দেশের বাইরে থাকা এই নেতা আরও দাবি করেন, ইরানের জনগণ একটি মৌলিক রাজনৈতিক পরিবর্তন চায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সেই ইচ্ছাকে গুরুত্ব দেওয়া। তার মতে, বর্তমান ব্যবস্থার ভেতরে থেকে কোনো সংস্কার বা চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের কঠোর ইরান নীতির প্রেক্ষাপটে পাহলভীর এই বক্তব্য যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণে নতুন করে প্রভাব ফেলতে পারে।



