
নড়াইলে ট্রাকে তেল না দেওয়াকে কেন্দ্র করে এক পেট্রোল পাম্প ম্যানেজারকে চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার কালনা-যশোর মহাসড়কের তুলারামপুর রেলসেতুর নিচে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ সরদার (৩৫) একটি ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। আহত তার বন্ধু জিহাদুল মোল্যা (২৯) বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।
জানা যায়, তেল নেওয়াকে কেন্দ্র করে ট্রাকচালকের সঙ্গে নাহিদের বাকবিতণ্ডা হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ চালক তখন প্রকাশ্যে তাকে চাপা দেওয়ার হুমকি দেন।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গভীর রাতে কাজ শেষ করে নাহিদ ও তার বন্ধু মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে একটি ট্রাক তাদের পেছন থেকে ধাওয়া করে। রাত আনুমানিক ২টা ১০ মিনিটে দ্রুতগতির ট্রাকটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় জিহাদুলকে প্রথমে জেলা হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর নিহতের সহকর্মী ও স্থানীয়রা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে হাইওয়ে থানার পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।



