
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে সেই দাম না বাড়ানোকে সরকারের একটি বড় সফলতা হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, অগ্রিম প্রস্তুতি এবং পরিকল্পনার কারণেই এই সফলতা এসেছে, যার মূল লক্ষ্য ছিল জনমনে স্বস্তি দেওয়া এবং বিশেষ করে বোরো মৌসুমে কৃষি উৎপাদনে যেন কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করা।
শনিবার সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার অতিরিক্ত ভর্তুকি দিচ্ছে। এর ফলে কৃষি উৎপাদনে কোনো নেতিবাচক প্রভাব পড়ছে না।
মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ায় পার্শ্ববর্তী অনেক দেশে মূল্য বৃদ্ধি পেয়েছে, এমনকি কিছু দেশে জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। যদিও সীমান্ত দিয়ে জ্বালানি পাচারের কিছু ঘটনা নজরে এসেছে, সেগুলো কঠোরভাবে দমন করা হবে বলে তিনি সতর্ক করেন।
এ ছাড়া বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় সরকারি দলের সংসদ সদস্যদের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করেছে এবং স্বল্প সময়ে যে অর্জনগুলো হয়েছে, সেগুলো জাতির সামনে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সামনে নানা ধরনের চ্যালেঞ্জ আসতে পারে, তবে সেগুলো সংসদীয় পদ্ধতিতে আলোচনা করে সমাধান করা হবে এবং সেভাবেই সরকারের অবস্থান উপস্থাপন করা হবে।



