
শনিবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির কাছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে সুরুজ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় হৃদয় নামে অপর একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
নিহত সুরুজ চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার বাসিন্দা, আহত হৃদয় শ্মশানপাড়ার বাসিন্দা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিনে ঘুরতে বের হওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সুরুজকে মৃত ঘোষণা করেন এবং হৃদয়কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই সুরুজ মারা গেছেন। চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক মিজানুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং বিস্তারিত জানার জন্য পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।



