
শনিবার (২১ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর ও ছোট হামেরদী গ্রামে ঈদের নামাজের পর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষে ৩০-৪০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
দুপক্ষের লোকজন ঢাল, সড়কি, রামদাসসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে একে-অপরের ওপর হামলা চালায়। সুযোগ সন্ধানীরা ১০-১২টি গবাদি পশু, নগদ অর্থ ও অন্যান্য দামি মালামাল লুটপাট করে নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপিনাথপুর গ্রামের কুদ্দুস মুন্সী ও হাসান মুন্সীর সঙ্গে ছোট হামিরদী গ্রামের লিটন মাতুব্বরের লোকজনের মধ্যে দুই দিন আগে চা খাওয়ার সময় তর্কের জেরে মধ্যরাতে প্রথম সংঘর্ষ ঘটে। এরপর ঈদের নামাজের পর উভয়পক্ষ আবার দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গ্রামের মোড়ে মোড়ে নজরদারি রাখা হয়েছে।



