
শনিবার (২১ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ ময়দান-এ পবিত্র ঈদুল ফিতর-এর নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্রপতিকে দ্রুত অভিশংসনের মাধ্যমে বিদায় করতে হবে। তিনি বলেন, “নয়ছয় নয়, রাষ্ট্রপতির (চুপ্পু) অভিশংসন জরুরি। তাকে বাদ দিতে হবে, সরকারের কোনো বিকল্প নেই। যদি বাদ না দেওয়া হয়, আমরা আন্দোলনে যাব।”
এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, ৫ আগস্ট বিএনপি ক্যান্টনমেন্টে গিয়েছে; বিপ্লবী সরকার হলে কেন তারা সেখানে গিয়েছিল? এই কারণে ওই সময় ‘বিপ্লবী সরকার’ গঠন হয়নি।
ঢাকা-৮ আসনের ভোটারদের ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “ঢাকা-৮ এর ভোটারদের ধন্যবাদ জানাচ্ছি। নতুন শপথ নিতে জাতীয় ঈদগাহে এসেছি। আমরা চাই শহীদ ও আহতদের বিচার হবে এবং শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারও সম্পন্ন হবে।”
ভবিষ্যতের কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান, “কয়েক দিন ধৈর্য ধারণ করছি। সবকিছু সচল হলে রাজপথে যেতে বাধ্য হবো, ইনশা আল্লাহ।”



