
ফরিদপুরের ভাঙ্গা-এ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্যরাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত মধ্যরাতে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়ন-এর গোপীনাথপুর গ্রাম-এ সংঘটিত হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে এই গ্রামে ইসমাইল মুন্সি ও চুন্নু মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে চুন্নু মিয়ার ছেলে ইব্রাহিম এবং ইসমাইল মুন্সির ছেলে ফুহাদের চা খাওয়ার বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের সূত্রপাত হয়।
মধ্যরাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র হাতে নিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, সংঘর্ষের খবর তার কাছে পৌঁছায়নি। তবে গ্রামবাসীর অভিযোগ, পুলিশকে ফোন দিলেও তারা ঘটনাস্থলে আসেনি।



