মা/রা গেছেন ‘ডোরেমন’ নির্মাতা

জনপ্রিয় জাপানি অ্যানিমেশন সিরিজ ডোরেমন-এর সঙ্গে যুক্ত খ্যাতিমান নির্মাতা সুতোমু শিবায়ামা আর নেই। গত ৬ মার্চ ৮৪ বছর বয়সে তিনি মারা গেছেন। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের ক্যানসার-এ ভুগছিলেন।
তার মৃত্যুর খবরে জাপানের অ্যানিমেশন জগতে নেমে এসেছে শোকের ছায়া। তার প্রতিষ্ঠিত স্টুডিও স্টুডিও আজিয়াদো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। ১৭ মার্চ প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়, ‘ডোরেমন’ সিরিজের পরিচালনায় তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এছাড়া তিনি নিন্তামা রান্তারো ধারাবাহিকের প্রধান পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। জাপানি অ্যানিমেশন শিল্পে তাকে একজন পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করা হয়।
‘ডোরেমন’-এর মতো বিশ্বখ্যাত সিরিজকে আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয় করে তুলতে তার অবদান ছিল অসামান্য। তার পরিচালনায় নবিতা ও শিজুকা-সহ প্রিয় চরিত্রগুলো দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়। তিনি এই সিরিজের ওপর ভিত্তি করে একাধিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেছেন।
১৯৬৩ সালে অ্যানিমেশন জগতে কর্মজীবন শুরু করে পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের মাধ্যমে তিনি অসংখ্য জনপ্রিয় কাজ উপহার দেন এবং একসময় নিজস্ব স্টুডিও গড়ে তোলেন। ‘ডোরেমন’ ছাড়াও চিবি মারুকো-চান-সহ আরও বহু জনপ্রিয় ধারাবাহিক ও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
অ্যানিমেশন শিল্পে তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে জাপান সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।



