গু/প্ত/হ/ত্যা ইরানকে আরও শক্তিশালী করবে: মোজতবা খামেনি

ইরানের মাটিতে ইসরায়েলের একের পর এক সুপরিকল্পিত গুপ্তহত্যার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
বুধবার (১৮ মার্চ) এক বিশেষ বিবৃতিতে তিনি বলেন, এই হত্যাকাণ্ড ইরানকে দুর্বল করার পরিবর্তে আরও শক্তিশালী করবে। তিনি নিহত শীর্ষ কর্মকর্তাদের স্মরণে শোক প্রকাশ করেছেন এবং অপরাধীদের ওপর কঠোর প্রতিশোধ নেওয়ার শপথ গ্রহণ করেছেন। খামেনি বলেন, এই প্রতিটি রক্তের বিনিময়ে খুনিদের অচিরেই অত্যন্ত চড়া মূল্য দিতে হবে, যা ইসলামিক প্রজাতন্ত্রের শত্রুরা কল্পনাও করতে পারবে না।
বিবৃতিতে তিনি শহীদ শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি, তাঁর পুত্র এবং অন্যান্য সঙ্গীদের শাহাদাতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। লারিজানিকে ‘জ্ঞানী, দূরদর্শী, বুদ্ধিমান এবং দায়বদ্ধ’ হিসেবে অভিহিত করে খামেনি বলেন, গত পাঁচ দশক ধরে রাজনৈতিক, সামরিক, নিরাপত্তা ও প্রশাসনিক ক্ষেত্রে লারিজানির অভিজ্ঞতা ইরানকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল।
এছাড়া আধা-সামরিক বাহিনী বাসিজ-এর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলামরেজা সোলেমানি-এর হত্যার ঘটনায় তিনি শোকবার্তা দিয়েছেন। খামেনি বলেন, সোলেমানির হত্যার খবর পুরো ইরানি জাতির জন্য অপূরণীয় ক্ষতি এবং গভীর বেদনার কারণ।
গত সোমবার (১৬ মার্চ) রাতে তেহরানে আলী লারিজানি ও গোলামরেজা সোলেমানিকে হত্যা করে ইসরায়েল, যা অঞ্চলে উত্তেজনার মাত্রা বাড়িয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের তখনকার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হন। ধারাবাহিকভাবে গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইসমাইল খতিবও প্রাণ হারিয়েছেন।
শীর্ষ নেতৃত্বের এই ধারাবাহিক মৃত্যুর মধ্যেও মোজতবা খামেনি-এর বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে ইরান প্রতিরোধ যুদ্ধ আরও জোরালো করবে। আন্তর্জাতিক মহলে পরবর্তী পাল্টা হামলার আশঙ্কায় উদ্বেগ দেখা দিয়েছে।
সূত্র: প্রেস টিভি



