
বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত সব বগি উদ্ধার শেষে উত্তরাঞ্চলের পাঁচ জেলার সঙ্গে নতুন লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী সীমান্ত এক্সপ্রেস ট্রেন চলাচল শুরুর মধ্য দিয়ে এই রুটে স্বাভাবিক ট্রেন পরিষেবা পুনঃস্থাপন হয়।
রেলওয়ের পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী আহমদ হোসেন মাসুম জানিয়েছেন, দুর্ঘটনার পর রেলওয়ের কর্মকর্তাদের নির্দেশে উদ্ধার অভিযান শুরু করা হয়। সন্ধ্যায় ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে কাজ শুরু করে। রাতভর অভিযান চালিয়ে লাইনচ্যুত বগিগুলো অপসারণ করা হয়েছে।
নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত ঘটনায় সান্তাহারের সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঘটনা ঘটেছে বগুড়ার আদমদীঘি উপজেলার বাগবাড়ী এলাকায়। বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে সান্তাহার থেকে দুই কিলোমিটার উত্তরে এই দুর্ঘটনা ঘটে, যাতে অন্তত শতাধিক মানুষ আহত হয় এবং উত্তরাঞ্চলের একাংশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, ট্রেন চালক সিগনাল উপেক্ষা করে দ্রুতগতিতে ট্রেন চালাচ্ছিল, যা দুর্ঘটনার মূল কারণ।
আতঙ্কে ট্রেনের ছাদে থাকা যাত্রীরা লাফ দিয়ে নিচে পড়ে আহত হন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে এবং স্থানীয়রা তাদের সহযোগিতা করে। অন্তত ৫০ থেকে ৬০ জনকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়। লাইনচ্যুত ৯টি যাত্রীবগি তোলার জন্য ঈশ্বরদী জংশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা হয়েছে।



